জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকা মহানগরসহ ৩০ জেলায় অধিদপ্তরের ৪৪টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানের সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন এবং নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ করাই এ তদারকির উদ্দেশ্য। সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে অনিয়ম ধরা পড়ে, যেখানে হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করেনি এবং প্রদর্শিত মূল্যতালিকার চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করেছে। এ সময় কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিল-স্টিকার জব্দ করা হয়।
অধিদপ্তর ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই ও সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















