প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’。
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের গড় আয়ু বাড়লেও এটি দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তা ব্যবস্থাকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। সরকার প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, বয়স্ক ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে চলছে। প্রবীণদের পরিবারের ও সমাজের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।
প্রধানমন্ত্রী সব প্রবীণ নাগরিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, রাষ্ট্র ও সমাজে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি বজায় থাকবে, প্রবীণদের যত্ন, সম্মান ও মর্যাদা তত বেশি সুরক্ষিত হবে। তিনি ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬-এর সার্বিক সফলতাও কামনা করেন।
অনলাইন ডেক্স 












