কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টমার্টিনের বাসিন্দা, পরিবেশবিদ ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ই অক্টোবরের মধ্যে নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দ্বীপের সুরক্ষা ও স্থানীয় জীবিকার বিষয়গুলো নিশ্চিত করে একটি গাইডলাইন তৈরি করা হবে।
গত এক বছরে দ্বীপটিতে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। তারা বর্তমান সরকারের কাছে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বর্তমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ববর্তী সরকারের জারি করা বিধিনিষেধের মধ্যে যৌক্তিক কিছু বিষয় বহাল রাখা হতে পারে। সেন্টমার্টিনে প্রায় ১০ হাজার মানুষের বসবাস রয়েছে এবং দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের কারণে প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণ করেন।
বর্তমানে দ্বীপটিতে দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটকের রাত্রিযাপনের অনুমতি রয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিমালায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা এবং পর্যটন ব্যবসার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।
অনলাইন ডেক্স 




















