রাজধানীর যাত্রাবাড়ীর 'পৌর ফিলিং স্টেশন'-এ জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে সব ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে এ সিদ্ধান্ত নেয়।
অভিযানে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়া হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন গাড়ি প্রায় ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন প্রায় ৫ হাজার লিটার জ্বালানি ক্রয় করে থাকে। তবে, পরিমাপে ঘাটতির কারণে গ্রাহকরা আর্থিক প্রতারণার শিকার হচ্ছিলেন।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে পরিমাপ সংশোধনের নির্দেশ দিয়েছে। বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থরক্ষা ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে তাদের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে।
অনলাইন ডেক্স 
























