মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মনির হোসেন বশিরের দুই হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোড়া চর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বশিরের বাবা চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। রোববার রাতে সদর থানা এলাকার শেষ সীমানা ও সিংগাইর থানার শুরুর প্রায় ২০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রোববার মধ্যরাতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেছেন, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে বশিরের বন্ধুরা তাকে কুপিয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বিষয়টি খতিয়ে দেখার জন্য।
ওসি মো. মাজহারুল ইসলাম জানান, বশিরকে কুপিয়ে আহত করার ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। আহত বশিরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 
























