সম্মিলিত ইসলামী ব্যাংকে ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক বিভিন্ন প্রয়োজনে মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহক ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকটি এ তথ্য জানায়। একই সময়ে নতুন আমানত এসেছে ২৭০০ কোটি টাকা এবং ৩২ হাজার ৭৪টি নতুন হিসাব খোলা হয়েছে, যার মাধ্যমে নতুন আমানত এসেছে ৩৭৮ কোটি টাকা।
এ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ ধার দেয়। এই অর্থ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবহৃত হবে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত একীভূত পাঁচ ব্যাংকে প্রায় ৭৫ হাজার গ্রাহক ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন।
দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংক হলো এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। পরিচালকদের জালিয়াতির কারণে এসব ব্যাংক দীর্ঘদিন ধরে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের সময়ে এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে।
অনলাইন ডেক্স 
























