পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে হত্যার পর টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলে রাখা হয়েছে। কলি পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।
শিশুটি গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায়। বাজার শেষে বাড়িতে ফিরে এসে বাড়ির পাশে চলে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির কাছে তার পরিহিত স্যান্ডেল পাওয়া যায়।
শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে স্থানীয়রা ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কলিকে হত্যা করে টুকরো টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলা হয়েছে।
এ বিষয়ে ওসি তরিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর কারণ ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























