হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত না করার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, হাজিদের সেবায় বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স বা লিড এজেন্সির জন্য হজযাত্রী কোটা বণ্টন সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার বাইরে যারা হজযাত্রী রয়েছেন, তারা সকলেই সম্মানিত মেহমান। হাজিদের সেবায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের মানসিকতা রাখার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, হজ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সৌদি সরকারের প্রাথমিক নির্ধারণ অনুযায়ী বাংলাদেশের জন্য মোট হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন নির্ধারিত হয়েছে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও উপস্থিত ছিলেন। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনার নির্ধারিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট কোটা নিয়মতান্ত্রিকভাবে বেসরকারি হজ এজেন্সিগুলোর অনুকূলে বণ্টন করা হবে।
অনলাইন ডেক্স 
























