ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অভিযোগ করেছেন যে, মাওলানা জুবায়েরের অনুসারীরা ক্রমাগত তাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সাদ অনুসারী মো. শফিক বিন নাঈম জানান, সরকার অনতিবিলম্বে তাদের ইজতেমার তারিখ ঘোষণা করুক। তারা টঙ্গীর মাঠে ইজতেমা করতে চান এবং বিদেশি মেহমানদের ভিসা ও টিকিটের ব্যবস্থা করার জন্য দ্রুত তারিখ ঘোষণা করার আহ্বান জানান।
মুচলেকা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শফিক বিন নাঈম বলেন, ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সরকারের পক্ষ থেকে দেওয়া চিঠিতে সাদ অনুসারীদের টঙ্গীর মাঠে ইজতেমা করার কথা বলা হয়েছিল। তবে পরে তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে হঠাৎ একটি কাগজ ধরিয়ে দেওয়া হয়। তিনি মুচলেকা দেওয়ার বিষয়টিকে মিথ্যা ও হঠকারিতা হিসেবে উল্লেখ করেন।
শফিক বিন নাঈম ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে টঙ্গীর ইজতেমার মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, হামলার ঘটনায় তাদের দায়ী করা হচ্ছে, অথচ এসব ঘটনায় মামলা ও তদন্ত চলছে।
তিনি আরও জানান, প্রতিবছর তাবলিগের উদ্দেশ্যে ২০ থেকে ৩০ হাজার বিদেশি মেহমান বাংলাদেশে আসেন, যা সরকারের রাজস্ব আয় বাড়ায়। টঙ্গীর ইজতেমা বাংলাদেশের পরিচিতির সঙ্গেও জড়িত।
গতকাল রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা সাদ কান্ধলভীকে তওবা করার অনুরোধ জানান। তিনি সাদ কান্ধলভীর বিরুদ্ধে পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা ও নবী ও সাহাবিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করেন।
অনলাইন ডেক্স 

























