বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা বোলিংয়ে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে খেলানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুনর্বাসন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাই টিম ম্যানেজমেন্ট ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।
নাহিদের চোটের শুরু হয়েছিল গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। বাঁ পাশের সাইডে গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ায় তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে অংশ নিতে পারেননি। চিকিৎসকরা জানিয়েছিলেন, সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে এবং বোলিংয়ের ভার ধীরে ধীরে বাড়াতে হবে।
অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ার পর বিসিবি নাহিদের পুনর্বাসনে তাড়াহুড়ো করেনি। জুলাইয়ের শেষ দিকে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। সেখানে তার পুরোনো শিনবোনের সমস্যাও পরীক্ষা করা হয়। দেশে ফিরে নাহিদ মূল পুনর্বাসন শুরু করেন।
চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ৩১ আগস্ট নাহিদ আবার বোলিং শুরু করেন। মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলের পেস বোলিং কোচ ও ফিজিওর তত্ত্বাবধানে তিনি ছোট রান-আপে বল করেন। তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে তাকে ধীরে ধীরে বোলিংয়ের তীব্রতা বাড়াতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি আগামী অক্টোবরের ৯ থেকে ১৩ তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সূচি ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
অনলাইন ডেক্স 

























