টাঙ্গাইলের মধুপুরে সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেল করার অভিযোগে রাসেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মধুপুর থানার ওসি মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করার পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত রাসেল রানা শোলাকুড়ি ইউনিয়নের চুনিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় অনলাইন স্ক্যামার। ২০২১ সালের জুলাই মাসে তার সঙ্গে শালিখা উত্তরপাড়া গ্রামের শিউলি আখতারের বিয়ে হয়। যৌতুক, শারীরিক নির্যাতন এবং মাদকাসক্তির কারণে ২০২৪ সালের মে মাসে শিউলি তালাক দেন।
শিউলির দ্বিতীয় বিয়ের পর রাসেল ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দিতে শুরু করেন। তিনি নগদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে পর্নো ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার হুমকি দেন। পরে রাসেল এআই দিয়ে তৈরি কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
১ সেপ্টেম্বর টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে মধুপুর থানা পুলিশ ৪ সেপ্টেম্বর মামলাটি গ্রহণ করে। রাসেল রানার মোবাইলে এআই দিয়ে তৈরি বেশ কিছু পর্নো ছবি পাওয়া যায় এবং যে আইডি দিয়ে ছবি ছড়ানো হয়েছিল সেটিও চিহ্নিত করা হয়।
অনলাইন ডেক্স 






















