বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগারে বন্দি বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ার অধীনে রাখা হয়।
মন্ত্রী জানান, বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়। আইনজীবী নিয়োগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করে।
তিনি বলেন, জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়। দেশে ফেরার জন্য বিমান টিকিটের ব্যবস্থা করা হয় এবং পরিবারের ব্যয় বহনে অসমর্থ হলে সরকারি অর্থে তা করা হয়।
ড. খলিলুর রহমান জানান, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি পোর্টাল চালু করবে।
অনলাইন ডেক্স 
























