রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তারা টার্মিনালের সামনে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের এই অবরোধের ফলে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা আশপাশের বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকায়ও ছড়িয়ে পড়ে। এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
মহাখালী এলাকায় কর্তব্যরত পুলিশের সার্জেন্ট বেলাল হোসেন জানান, শ্রমিকদের অবরোধের কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়ার কারণে পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ, যা নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাসচালক কামরুল হাসান বলেন, টার্মিনালের বাইরে গাড়ি পার্ক করলে পুলিশ ডাম্পিং করছে এবং রেকার বিল ধরিয়ে দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, পূর্বাচলে যেখানে তাদের বাস রাখতে বলা হচ্ছে, সেখানে নিরাপত্তার অভাব রয়েছে এবং সেখানে থেকে গাড়ির ব্যাটারি পর্যন্ত চুরি হচ্ছে। শ্রমিকরা সড়কের ওপর আড়াআড়ি কয়েকটি বাস রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
অনলাইন ডেক্স 
























