জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস তাদের উত্তর আমেরিকা সফর শেষ করেছে, যেখানে তারা নতুন রেকর্ড গড়েছে। 'আরিরাং' ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরে ৩১টি কনসার্ট অনুষ্ঠিত হয়, এবং সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। পুরো সফরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সফরটি ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হয়ে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়, যেখানে শেষ চারটি কনসার্টে প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
সোফাই স্টেডিয়ামে বিটিএস নতুন রেকর্ড স্থাপন করেছে। ২০২১ সালে 'পারমিশন টু ড্যান্স অন স্টেজ' সফরের চারটি কনসার্টসহ, বিটিএস এই স্টেডিয়ামে মোট আটটি কনসার্ট করেছে। এই আটটি কনসার্টে মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের জন্য সর্বোচ্চ।
বিটিএস সফরের সময় স্থানীয় প্রশাসনের কাছ থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছে। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর 'বিটিএস সপ্তাহ' ঘোষণা করা হয়। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট 'বিটিএস উইকেন্ড' পালিত হয়, যেখানে ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে 'বিটিএস বুলেভার্ড' রাখা হয়।
শিকাগোতে কনসার্ট উপলক্ষে ২৭ ও ২৮ আগস্টকে 'বিটিএস ডে ইন ইলিনয়' ঘোষণা করা হয়। টেক্সাসের এল পাসোতেও ২ ও ৩ মে 'এল পাসো বিটিএস উইকেন্ড' পালিত হয়। বিটিএসকে 'এস্তিমাদো আমিগো' সম্মাননা দেওয়া হয়।
মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, বিটিএস সংস্কৃতি ও ভাষার সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে। মেক্সিকো সিটিতে কনসার্টের সময় প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বিটিএসকে জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান, যেখানে প্রায় ৫০ হাজার ভক্ত জড়ো হন।
লস অ্যাঞ্জেলেসের কনসার্টে বিটিএসের সদস্য জাংকুক ও আরএমের জন্মদিন উদ্যাপন করা হয়। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর এবং আরএমের ১২ সেপ্টেম্বর। ভক্তরা তাদের জন্য জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান।
উত্তর আমেরিকার পর বিটিএস দক্ষিণ আমেরিকায় যাবে, যেখানে ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি।
অনলাইন ডেক্স 

























