ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্য আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি রাখা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের তর্ক হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আলতাব হোসেন হামলার শিকার হন। বাবাকে রক্ষা করতে গিয়ে তার ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হন।
আহত বাবা-ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আরিফুল ইসলাম হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলতাব হোসেনের বড় ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করেছেন যে হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালিয়েছে এবং ভাঙচুর করেছে। তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
অনলাইন ডেক্স 























