বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী সভাপতি এবং মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েষ্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আবু আলী এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া।
কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন বাসুদেব ধর, রফিকুল ইসলাম সবুজ, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন এবং মনির হোসেন। ইমক্যাব নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর।
গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, এবং ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ফরিদ হোসেনসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনলাইন ডেক্স 

























