দেশের চলমান গ্যাস সংকট শিগগিরই কাটবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, সরকার শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সরকার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে।
রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেয়া হবে না এবং সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রেখেছে।
অনলাইন ডেক্স 























