আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচারকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবেন, তবে এর ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারক যখন রায় লিখবেন, তখন তাকে নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরিচালিত হতে হবে। সাক্ষ্য-প্রমাণের সূক্ষ্ম পর্যালোচনা করে রায় লেখা হলে সমস্যা হবে না। তবে শুধুমাত্র এআইয়ের ওপর নির্ভর করলে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ‘এআইয়ের সহায়তা নেওয়া যেতেই পারে। তবে সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজস্ব মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে।’
আইনমন্ত্রী জানান, সরকার আইনসংক্রান্ত বিষয়ে এআই ব্যবহারের দিকগুলো যাচাই-বাছাই করছে এবং সাইবার সিকিউরিটি ল-এর সঙ্গে কীভাবে এটিকে যুক্ত করা যায়, তা নিয়েও কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, বিচারিক অঙ্গনে এআই ব্যবহারের ক্ষেত্রে কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে। আইনমন্ত্রী বলেন, ‘এআই ব্যবহার করে কেউ মিসলিড করতে চাইলে গরিব ও মধ্যবিত্ত গোষ্ঠী আরও বেশি ঝুঁকিতে পড়বে।’
অনলাইন ডেক্স 





















