লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকা দেওয়ার পর ১১ মাস বয়সী জায়ান ইসলাম নামে এক শিশুর ডান পায়ে জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের দাবি, টিকা দেওয়ার পর পায়ে পোড়া, পুঁজ ও রক্ত বের হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
শিশুটির পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে ইউএনও তদন্তের নির্দেশ দিয়েছেন। জায়ান উপজেলার দরবেশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়েনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের নির্ধারিত হাম টিকা দিতে নেওয়া হয়।
টিকা কেন্দ্রে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে টিকা দেন। পরে শিশুটির পায়ে জটিলতা দেখা দিলে বিষয়টি জানানো হলেও তিনি গুরুত্ব দেননি এবং অভিযোগ রয়েছে যে তিনি হুমকি-ধমকি দিয়েছেন।
শিশুটির দাদি রেহানা আক্তার বলেন, তারা সুষ্ঠু বিচার চান এবং দাবি করেন যে টিকা দেওয়ার পর শিশুর অবস্থা খারাপ হয়েছে।
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং শিশুটির পরিবারকে যোগাযোগ করতে বলা হয়েছে। ইউএনও কাজী আতিকুর রহমান জানিয়েছেন, তদন্তের জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 

























