নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় ঐশী পোদ্দার (১৯) ও ঝর্ণা (৩০) নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া ও সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। নিহত ঐশী পোদ্দার উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং শংকর পোদ্দারের মেয়ে। সকাল ৭টার দিকে নিজ বাড়ির বসতঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
অন্যদিকে, সকাল ৬টার দিকে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকায় ঝর্ণার (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে এবং নাদিমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গৃহবধূর মৃত্যুর পেছনে পারিবারিক কলহের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























