জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে আসিফ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
আসিফ আকবর বলেন, "ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম, কিন্তু এখন সেখানে ধর্ম প্রচার এবং অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।" তিনি উল্লেখ করেন, তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে এবং ভুল তথ্যের কারণে অনেক সময় তারকাদের বিড়ম্বনায় পড়তে হয়।
তিনি বলেন, "কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।" আসিফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করা জরুরি।
ফেসবুকের এমন পরিবেশে মানিয়ে নিতে না পেরে আসিফ আকবর প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংগীত থেকে তিনি দূরে যাচ্ছেন না এবং নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছেন।
অনলাইন ডেক্স 























