ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইলের ধোন্দা ও রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করতেন। বিজ্ঞাপনে সাড়া দেওয়া ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হতো এবং পরে কথাবার্তার মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর ক্রেতার নম্বর বা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতো।
ডিবি জানায়, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালি পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 






















