নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪৬ বিঘা জমির প্রায় আট হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আমচাষী ইমারত মোল্লাহ এই বিষয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় ইমারত মোল্লাহ বাগানে কাজ করছিলেন। এসময় প্রতিপক্ষের ২০ থেকে ৩০ জন লোক বাগানে ঢুকে ইমারতসহ শ্রমিকদের তাড়িয়ে প্রায় ৮ হাজার গাছের ডাল কেটে ফেলেন।
ইমারত মোল্লাহ জানান, তিনি ২০২৩ সালের জুনে বাবর আলী ও খোরশেদ থেকে ৪৬ বিঘার বাগান লিজ নেন। চুক্তি অনুযায়ী প্রতিবছর ১৮ লাখ ৩৭ হাজার ২৮৫ টাকা দেওয়ার কথা ছিল। তবে তিনি জানান, এ বছর বাগানে লোকসান হওয়ায় পুরো টাকা দিতে পারেননি।
অভিযুক্ত বাবর আলী মেম্বার বলেন, ইমারত মোল্লাহ কোনো বছরই ঠিকভাবে টাকা পরিশোধ করেননি। তাই তারা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছেন। তিনি দাবি করেন, গাছ কাটার বিষয়টি ভুল বোঝাবুঝি এবং আম গাছ পরিচর্যার জন্য ডাল ছাটাই করা হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 






















