স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের কারণে ১৭ বছরের স্বাস্থ্যসেবা নিম্নস্তরে নেমে গেছে। তিনি শুক্রবার (২১ আগস্ট) রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরের বাঘুটিয়া গ্রামে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী মন্ডলের মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া হাসপাতালগুলো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।
কনিকা রানী মন্ডল ফরিদপুর শহরের ঝিলটুলি সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। অপারেশনের পর তার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার অভিযোগ উঠেছে।
মন্ত্রী জানান, এই ঘটনার তদন্তের জন্য রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনলাইন ডেক্স 
























