বাংলাদেশ ও ভারতের বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সিআইআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোলসহ বিভিন্ন স্থলবন্দরে পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় প্রতিষ্ঠানগুলো স্থলবন্দর দিয়ে কাঁচামাল ও পণ্য পরিবহনে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। পণ্য হ্যান্ডলিংয়ের দক্ষতা বাড়ানো গেলে সীমান্তে পণ্য চলাচল দ্রুত হবে, যা পরিবহন ব্যয় ও আমদানির সময় কমাবে।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে দুটি বিজনেস-টু-বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়। একটি টাস্কফোর্স বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভারতের অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগানোর বিষয়ে কাজ করবে, অন্যটি অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত টাস্কফোর্স গঠনের বিষয়টি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করা হবে। তিনি মনে করেন, ব্যবসায়ীদের সরাসরি সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও কার্যকর হবে।
তিনি আরও জানান, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে হলে বড় ধরনের অবকাঠামো বিনিয়োগ প্রয়োজন। ভারতীয় বিনিয়োগকারীরা এসব খাতে আগ্রহ দেখালে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
অনলাইন ডেক্স 
























