যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ওয়াশিংটনের দ্বিতীয় লক্ষ্য। তিনি জানান, প্রথম লক্ষ্য হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য তেল ও জ্বালানির দাম সস্তা রাখা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, মার্কিন নাগরিকদের জন্য তেল ও জ্বালানির দাম সস্তা রাখা তাদের প্রথম লক্ষ্য। এরপর দ্বিতীয় লক্ষ্য হলো, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র উভয় লক্ষ্যই অর্জন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি স্বভাবতই অনিশ্চিত, কারণ ইরানিরা অনেক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করে না।
ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র না থাকা এবং হরমুজ প্রণালি এমন অবস্থায় ফিরিয়ে আনা, যেখানে মার্কিন জনগণের জন্য তেল ও গ্যাসের দাম স্থিতিশীল থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বাণিজ্যিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালির নৌ চলাচল অবরোধ করে, যা বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
অনলাইন ডেক্স 
























