সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন।
৬ আগস্ট থেকে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ অংশ নিচ্ছেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ বলে আয়োজকদের দাবি।
পেন্ট্রা মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ তাকে গভীরভাবে আকৃষ্ট করে এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে তার পরিবারেও আরও চার সদস্য ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পরপরই পেন্ট্রা কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করেন এবং মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করেন। পরে তিনি বুরুন্ডির একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, যা তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়।
পেন্ট্রা জানান, ইসলাম গ্রহণের এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি সৌদি আরবের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করেন।
অনলাইন ডেক্স 























