বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লায় মাদক বিক্রি হচ্ছে এবং ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকা ব্যক্তিরা এসব অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে, কিন্তু এসব বিতরণের সময় মারামারির ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে প্রায় ৮০টি মারামারির ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে বিএনপির কর্তৃত্ববাদী শাসন থাকবে না। তবে সরকার জুলাই সনদ বাস্তবায়নে দ্বিচারিতা করছে এবং জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।
যুব সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী। সম্মেলনে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি ও জামায়াতের সদস্য মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
অনলাইন ডেক্স 
























