সরকার প্রশাসনে আবারও রদবদল করেছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















