মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের প্রক্রিয়া সহজ করতে সক্রিয় একটি পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা হিসেবে ২৯ ও ৩২ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ আগস্ট কুয়ালালামপুরের দুটি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ৫ আগস্ট পাসপোর্ট জালিয়াতির অভিযোগে তিনজন ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে এক সপ্তাহের নজরদারি শেষে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুই বাংলাদেশির মধ্যে একজন চক্রটির মূল হোতা বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই সিন্ডিকেটটি প্রায় এক বছর ধরে সক্রিয় ছিল এবং বিদেশি কর্মীদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হতেন, তাদের জন্য ভুয়া পাসপোর্ট সরবরাহ করত। পাসপোর্টের ছবির পরিবর্তন করে অসুস্থ ব্যক্তির পরিচয় ব্যবহার করে সুস্থ ব্যক্তি চিকিৎসাপরীক্ষায় অংশ নিতেন।
অভিযানকালে বিপুল পরিমাণ জালিয়াতির সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে দুটি আসল বাংলাদেশি পাসপোর্ট, নয়টি জাল পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং ৭০০টি পাসপোর্ট পৃষ্ঠা। এছাড়া, উদ্ধারকৃত পাসপোর্ট তৈরির উপকরণের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে যে, বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে ৫৫ডি এবং ৫৬(১)(ডি) ধারা এবং অপর ব্যক্তির বিরুদ্ধে ১৫(১)(সি) ধারায় তদন্ত চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
অনলাইন ডেক্স 
























