পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি চালায় এবং তার স্ত্রী রুমা বেগম (৪০) ও পুত্রবধূ রেজবি (১৮) কে মারধর করে।
ভুক্তভোগী রুমা বেগম জানান, ঘটনার দিন রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জন ডাকাত তাদের ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। ডাকাতরা ভেতরে প্রবেশের পর তাদের সবাইকে মারধর শুরু করে এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপরে গুলি করে।
ডাকাতরা দুই বছর বয়সী শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 






















