সামসুল হক খান স্কুল এন্ড কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ব্যবহারিকের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঢাকা শিক্ষা বোর্ড গত ৪ আগস্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেয় যে, কোন অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে জানা যায়, প্রায় ১২শত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অভিযোগ রয়েছে, গ্রুপভেদে শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা মোট ১২ লক্ষ টাকারও বেশি হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, তারা টাকা আদায়ের বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ এতে তাদের পরীক্ষার ফলের ক্ষতি হতে পারে। অভিভাবকরা অভিযোগ করেছেন যে, টাকা নেওয়ার সময় মানি রিসিট প্রদান করা হচ্ছে না এবং অভিভাবকদের সরাসরি টাকা দেওয়ার সুযোগ নেই।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বোর্ডের নির্দেশনা অমান্য করে যদি কোন প্রতিষ্ঠান টাকা নেয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের এডহক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান জানান, তিনি বিষয়টি জানেন না এবং অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করবেন। তবে অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনলাইন ডেক্স 






















