রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলেন- বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজারের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, রাত আটটার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।
লংগদু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওসি মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























