ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বার্ন ক্যান্টনের মেইরিঙ্গেনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতায় রোববার তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আগস্ট মাসে শহরটির জন্য এটি নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
সুইজারল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটিওসুইস দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
রোববার সান্তিস পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০২ মিটার উচ্চতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। একই দিনে ১ হাজার ১৩ মিটার উচ্চতার এনগেলবার্গে ২৯ ডিগ্রি এবং ১ হাজার ২০৫ মিটার উচ্চতার দাভোসে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সান্তিস, এনগেলবার্গ ও দাভোস তিন জায়গাতেই রোববারের তাপমাত্রা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে।
পাহাড়ি অঞ্চলে এমন অস্বাভাবিক উষ্ণতা ইউরোপের চলমান তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তারেরই ইঙ্গিত দিচ্ছে।
অনলাইন ডেক্স 
























