ভারতের উত্তর প্রদেশের সেভাটা এলাকার বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি অভিযোগ করেছেন যে, তার মেয়ের বিয়ে দেওয়ার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, জামাই অনুজ ত্রিবেদী ভুয়া পরিচয় দিয়ে অন্তত ২৫টি বিয়ে করেছেন এবং বহু নারীর সঙ্গে প্রতারণা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।
রোববার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিধায়ক জ্ঞান তিওয়ারি তার মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই প্রতারণার কথা জানান। অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদী এবং তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিধায়ক জানান, ২০২৪ সালে তার মেয়ের বিয়ে হয়েছিল অনুজ ত্রিবেদীর সঙ্গে, যিনি নিজেকে মুম্বাইয়ের একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিয়ের সময় তিনি তার অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন রেখেছিলেন।
বিয়ের প্রায় আড়াই বছর পর বিধায়কের পরিবার প্রখর ত্রিবেদীর আসল পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। অভিযোগে বলা হয়েছে, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
এই ঘটনার পর বিধায়ক তার মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনেছেন এবং সামাজিক সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা তার পরিবারকে গভীর মানসিক আঘাত দিয়েছে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। রাজ্য পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ শুরু করেছে।
অনলাইন ডেক্স 
























