বর্ষীয়ান সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় (৮৪) মারা গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি মগবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং রোববার (৯ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃণাল কৃষ্ণ রায় কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রাসাদ গ্রামের সন্তান। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার (কেজেএফডি) সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, ডিইউজে ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছিলেন।
তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস ও নিউজ এজেন্সি বাসস-এ দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং অবসর জীবন কাটাচ্ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সজ্জন ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার একমাত্র ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কেজেএফডি নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনলাইন ডেক্স 
























