বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন। তিনি আজ রোববার সকাল ৯টার দিকে নৌকায় করে হাটটি ঘুরে দেখেন।
এ সময় রাষ্ট্রদূত পেয়ারার বেচাকেনা, পরিবহন কার্যক্রম, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। নৌকায় বসে পেয়ারা কেনাবেচা ও পরিবহনের দৃশ্য প্রত্যক্ষ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এছাড়া, তিনি হাটসংলগ্ন খাল-বিল, সবুজে ঘেরা পরিবেশ ও পেয়ারা বাগানের সৌন্দর্যও উপভোগ করেন। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন তিনি।
হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। পরিদর্শন শেষে তিনি জানান, এখানকার ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন এবং সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
অনলাইন ডেক্স 























