রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. নান্নু মিয়া (৩৮), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। তারা যশোর জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাতে গুলশান শুটিং ক্লাবের সামনে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম তলার ফুডকোর্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছেন। সেখানে তাঁরা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের যশোর জেলার চৌগাছা উপজেলা শাখার একাধিক কমিটির তালিকা জব্দ করা হয়েছে বলেও রিমান্ড আবেদনে দাবি করা হয়।
অনলাইন ডেক্স 























