ভোলার মনপুরায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. তানজিলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তানজিলকে গ্রেপ্তার করে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠিয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী ও তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার রাতে স্বামী বাড়ির বাইরে থাকায় তানজিল কৌশলে ঘরে ঢুকে গৃহবধূর গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেন এবং পরে তাকে ধর্ষণ করেন।
রাত সাড়ে ১২টার দিকে স্বামী বাজার থেকে ফিরে ভুক্তভোগী তাকে ঘটনাটি জানান। পরে তিনি প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পুলিশ অভিযান চালিয়ে তানজিলকে আটক করে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন। অভিযোগকারী গৃহবধূর স্বামী বলেন, ‘সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























