রাজশাহী শহরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির সূচনা হয়।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশন (রিডা)-এর সহযোগিতায় এ কর্মসূচির যৌথ আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রিয় রাজশাহী শহরকে আরও সবুজ করে তুলতে হবে।” তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে।”
মন্ত্রী নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবদান ও ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ চারা রোপণ করেন এবং উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
অনলাইন ডেক্স 
























