পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছুটির তারিখ পরিবর্তন করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দিনটির ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, যা মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পেছানো হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও ওই দিন সাধারণ ছুটি থাকায় নতুন তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
অনলাইন ডেক্স 

























