নোয়াখালীতে র্যাব-১১, সিপিসি-৩ এর পৃথক অভিযানে তিনটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মামুন (৪২), মো. ফুরকান আলী (৩১) এবং মো. আবু সাইদহ ওরফে সাবিনুর (৪৫)। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মামুনকে বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর বড় বাড়ির সামনে থেকে বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম (৫৭) হত্যা মামলার আসামি। গত বছরের ২৬ নভেম্বর টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিমকে মারধর করা হয়, পরে তিনি হাসপাতালে মারা যান।
ফুরকান আলীকে সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের কালারাইতা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী আখি আক্তারকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি।
অন্যদিকে, আবু সাঈদ ওরফে সাবিনুরকে লক্ষ্মীপুরের রামগঞ্জের হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুরে সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, এসব মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অনলাইন ডেক্স 

























