কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মো. রবিউল ইসলাম (৪০), গাড়িচালক মো. আলাউদ্দিন শেখ (২৮) এবং মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে গাড়িটি কক্সবাজারের কলাতলী বিচে নিয়ে গিয়েছিলেন। সেখানে পলাতক শাহাবুদ্দিন গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে নিয়েছিলেন। ইয়াবাগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অনলাইন ডেক্স 























