রাজধানীর মিরপুর রোডে কলাবাগানে অবস্থিত ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-কে ফুটপাত ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আড়াই লাখ টাকা জরিমানা করেছে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম সরেজমিন পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আনেন। পরিদর্শনের পর সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। তারা দেখতে পান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কার্যক্রমের কারণে সিটি করপোরেশনের নির্মিত সিসি টাইলস ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী।
প্রকৌশল বিভাগের মূল্যায়ন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩.৭২ মিটার, প্রস্থ ৩.৬৬ মিটার এবং মোট আয়তন ৫০.২২ বর্গমিটার। ক্ষতিপূরণের মূল বিল ২,১৮,৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে মোট পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের সড়ক খনন তহবিলে উক্ত অর্থ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএসসিসি জানিয়েছে, নগর অবকাঠামো সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেক্স 
























