রাশিয়ায় উদ্ভাবিত মেলানোমা ক্যানসারের এমআরএনএ-ভিত্তিক টিকার প্রাথমিক ফল ইতিবাচক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। প্রথম রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।
গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ জানান, প্রথম রোগীর শরীরে সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে টিউমার ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে।
গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে উদ্ভাবিত দুটি ক্যানসার চিকিৎসা অনুমোদন দেয়। এর মধ্যে একটি হলো এমআরএনএ-ভিত্তিক টিকা নিওঅনকোভ্যাক, যা উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি।
চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সী এক মেলানোমা রোগীর শরীরে নিওঅনকোভ্যাক প্রয়োগ করা হয়। ওই রোগী বর্তমানে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গিনজবার্গ জানান, রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং তার রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া, আরও ১০ জন রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক মেলানোমার টিকা প্রস্তুত করা হচ্ছে, যা আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করছেন গবেষকেরা।
রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে কাপরিন জানান, এই প্রযুক্তিতে রোগীর টিউমারের জিনগত তথ্য বিশ্লেষণ করে তার জন্য আলাদাভাবে টিকা তৈরি করা হয়।
অনলাইন ডেক্স 

























