বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে স্কিলড বেইজড ‘ডে ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে জুলাই দিনব্যাপী এ কর্মসূচিতে ১৫৩টি রোভার ইউনিটের প্রায় ১,৩০০ জন রোভার স্কাউট এবং প্রায় ২০০ জন শিক্ষক, প্রশিক্ষক ও রোভার স্কাউট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ডে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণকারী রোভাররা বিভিন্ন স্কাউটিং-সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন, যার মধ্যে রোভারিং, প্রাথমিক চিকিৎসা, জীবনরক্ষা কৌশল, ক্যাম্প স্থাপন, যোগাযোগ দক্ষতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ইয়ুথ পার্লামেন্ট ও সোশ্যাল মিডিয়া মাস্টারি বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস। বক্তারা স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কিলড বেইজড ‘ডে ক্যাম্প ২০২৬’-এর সফল সমাপ্তি ঘটে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বুয়েট রোভার স্কাউট গ্রুপ এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনলাইন ডেক্স 























