রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার মিলনায়তনে মিরপুর সাইন্স কলেজের প্রথম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর সাইন্স কলেজের উপদেষ্টা ও সাবেক সচিব (পিআরএল) মো. সাইদুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বক্তারা কলেজের অগ্রযাত্রা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পুনর্মিলনীতে কলেজের প্রথম চারটি ব্যাচের ১০ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যের মিরপুর সাইন্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে নিবন্ধন, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোসেশন ও প্রীতি মিলনমেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 

























