ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে। এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে উয়েফা।
বুধবার (২৯ জুলাই) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম’ তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে।
ফিফা জানায়, ৪৮ দল নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের পর নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ‘মাইনোরিটি শেয়ার’ বিক্রির প্রস্তাব দেবে।
উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবলের আত্মা এবং এর পরিচালনা কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়।’ তারা দাবি করেছে, এই প্রস্তাব ফুটবলের পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সীমা অতিক্রম করেছে।
ফিফা তাদের অবস্থানে অনড় রয়েছে এবং দাবি করেছে, এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহ করে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। সুইজারল্যান্ড-ভিত্তিক ফিফা ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যে বিভেদকে আরও স্পষ্ট করেছে এই প্রস্তাব।
অনলাইন ডেক্স 
























