বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। এ লক্ষ্যে দুদেশের মধ্যে বাণিজ্য প্রচার, আন্তর্জাতিক প্রদর্শনী এবং বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানায় এসএবিসিসিআই’র একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএবিসিসিআই’র সভাপতি আশরাফুল হক চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এসএবিসিসিআইর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএবিসিসিআইর উদ্যোগের প্রশংসা করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন বাড়াতে হবে।’
সাক্ষাৎ শেষে এসএ বিসিসিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 
























