বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিডার কাঠামোবদ্ধ 'লিড জেনারেশন' ও সক্রিয় 'বিনিয়োগ পাইপলাইন ব্যবস্থাপনা' পদ্ধতি ইতিবাচক ফল দিতে শুরু করেছে। বর্তমানে বিডার বিনিয়োগ পাইপলাইনে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিডা এ তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে সম্পৃক্ত করে এ বিনিয়োগ পাইপলাইন গড়ে তোলা হয়। বিনিয়োগের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়া। বিডা দাবি করেছে, পাইপলাইনে থাকা মোট প্রস্তাবের মধ্যে ১৫ শতাংশের বেশি বিনিয়োগ ইতিমধ্যে 'ডিসিশন ও এক্সিকিউশন' পর্যায়ে রয়েছে, যা বৈশ্বিক মানদণ্ডের তুলনায় ভালো।
পাইপলাইন থেকে বর্তমানে বাস্তবায়নের পথে থাকা বড় প্রকল্পগুলোর মধ্যে হংকং ভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যতম। প্রতিষ্ঠানটি মিরসরাই ও কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে দুই ধাপে মোট ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা থেকে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। এছাড়া চীনের হেনগলি গ্রুপ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে ৩৪.৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে।
শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। বিডার দাবি, এটি দেশের জীবন বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ সরাসরি বিদেশি বিনিয়োগ। এছাড়া চীনের লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, গত এক বছরে ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের অগ্রগতি একটি ইতিবাচক দিক। বিডার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে বিনিয়োগ পাইপলাইনে নতুন করে আরও ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ যুক্ত করা।
অনলাইন ডেক্স 























